প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
তিনি বলেছেন, এবারের নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং কোনো কেন্দ্রে সামান্যতম সমস্যা বা অনিয়ম দেখা গেলে সঙ্গে সঙ্গে সেখানকার ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে।
শনিবার (১১ অক্টোবর) সকালে চট্টগ্রামে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সিইসি বলেন, “যারা ভোটকেন্দ্র দখল কিংবা ব্যালট বাক্স ছিনতাই করার নিয়ত করে বসে আছেন, তাদের জন্য দুঃসংবাদ। তাদের সেই স্বপ্ন এবার ভঙ্গ হবে।
কেন্দ্র দখল বা অস্ত্রবাজি করে এবারের ভোটে জয়ী হওয়ার কোনো সুযোগ নেই।”
নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও কঠোর বার্তা দেন। তিনি বলেন, “আগের মেসেজ ছিল, আমার পক্ষে কাজ না করলে আপনার বিরুদ্ধে অ্যাকশন হবে।
আর এখনকার মেসেজ হলো, আপনি যদি কোনো পক্ষের হয়েই কাজ করেন, তাহলে আপনার বিরুদ্ধে অ্যাকশন হবে। এই মেসেজ একদম পরিষ্কার।”
নিজের নিরপেক্ষতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সিইসি বলেন, “যেদিন কোনো সরকার চাইবে আমি তাদের হুকুমমতো কাজ করি, সেদিন নাসির উদ্দিন এই চেয়ারে থাকবে না—এই গ্যারান্টি আমি দিতে পারি।”
তার এই বক্তব্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের দৃঢ় অবস্থানই ফুটে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

