ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদের জন্য মোট ৪২টি নির্বাচনী প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।গত ১৭ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে এসব প্রতীক প্রকাশ করা হয়। চেয়ারম্যান প্রার্থী প্রতিকে কলার ছড়ি, ঘন্টা, টেবিল, টেবিলঘড়ি মতো প্রতীক নিয়ে ইতোমধ্যেই সাধারণের মধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। সাধারণ প্রার্থীরা অনেকে বলছে চেয়ারম্যানের প্রতীক দেয়া হয়েছে মহিলা সংরক্ষিত প্রার্থীকে। এমন সব অপ্রচলিত প্রতিক নিয়ে প্রার্থীরা বিপাকে পড়বে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা প্রজ্ঞাপনে চেয়ারম্যান পদের জন্য মোট ২০টি, সাধারণ সদস্য পদের জন্য ১২টি এবং সংরক্ষিত আসনের সদস্য প্রার্থীদের জন্য ১০টি প্রতীক চূড়ান্ত করা হয়েছে।
চেয়ারম্যান পদের প্রতীকগুলো হলো— কম্পিউটার, কলার ছড়ি, ঘণ্টা, ঘোড়া, চিংড়ি, জগ, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, দালান, দোতলা বাস, পাগড়ি, বেবি ট্যাক্সি, ময়ূর, মোবাইল ফোন, মোটরসাইকেল, মোড়া, রেল ইঞ্জিন, সোফা ও হাঁস।
সংরক্ষিত আসনের সদস্য প্রার্থীদের প্রতীকগুলো হলো— আলমারি, কলস, ড্রেসিং টেবিল, পালকি, ফলের ঝুড়ি, মাইক, সেলাই মেশিন, সূর্যমুখী ফুল, হরিণ ও হেলিকপ্টার।সাধারণ সদস্য প্রার্থীদের প্রতীকগুলো হলো— উট, কাপ—পিরিচ, ঘুড়ি, জাহাজ, টর্চলাইট, টিউবওয়েল, ট্রাক্টর, তালা, ফুটবল, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব ও মোরগ।
ইসি জানিয়েছে, তাদের পরিকল্পনা অনুযায়ী আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে, যার অর্থ হলো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রতীক থাকবে না।
এর আগে, ইউপি চেয়ারম্যান নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতো। সংশ্লিষ্ট আইন সংশোধনের পর নির্বাচনী বিধিমালা থেকে দলীয় প্রতীক সরিয়ে ফেলা হয়েছে।

