27.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে গাড়ি পার্কিং নিয়ে বিরোধে ট্রাক চালক খুন

চট্টগ্রামে গাড়ি পার্কিং নিয়ে বিরোধে ট্রাক চালক খুন

চট্টগ্রাম গাড়ির সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে দুই ট্রাকচালকের মধ্যে ঝগড়ার একপর্যায়ে ছুরিকাঘাতে ট্রাকচালক সজীব চন্দ্র নাথ নিহত হয়েছেন।

এ ঘটনায় অভিযুক্ত ট্রাক চালক ইউসুফ হোসেন বিজয়কে আটক করেছে সদরঘাট থানা পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে নগরীর সদরঘাট জেটিগেটের সামনে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত সজীব চন্দ্র নাথ (৩০) মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন তেমুহানী এলাকার প্রফুল্ল চন্দ্র নাথের ছেলে। গ্রেপ্তার ইউসুফ হোসেন বিজয় (২৪) ব্রাহ্মণবাড়িয়ে জেলার বাসিন্দা হলেও বর্তমানে সে নগরীর সাগরিকা জমজম টাওয়ার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।

পুলিশ জানায়, নিহত সজীব ও গ্রেপ্তার ইউসুফ নগরীর সদরঘাটে হাক্কানি ট্রান্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠানের ট্রাক চালাতেন। ইউসুফের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ে জেলায়।

সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম জানান, লোহার রড প্রস্তুতকারক প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডের আমদানি করা কাঁচামাল স্ক্র্যাপ (পরিত্যক্ত লোহা) বহনের জন্য দুটি আলাদা ট্রাক নিয়ে জেটিগেটের সামনে অপেক্ষায় ছিলেন সজীব ও ইউসুফ।

এ সময় জেটিতে প্রবেশের সিরিয়াল আগে পাওয়া নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।

এর মধ্যেই ইউসুফ সজীবকে বুকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। অন্যান্য চালকরা তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইউসুফকে হত্যায় ব্যবহৃত ছোরাসহ আটক করে। হাসপাতাল থেকে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।