29.4 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়আর কোন রোহিঙ্গাকে ঢুকতে দেয়া হবে না: বিজিবি মহাপরিচালক

আর কোন রোহিঙ্গাকে ঢুকতে দেয়া হবে না: বিজিবি মহাপরিচালক

নতুন করে আর কোনও রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

তিনি বলেছেন, ‘সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আজ নৌকাযোগে ৬৫ রোহিঙ্গা বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে তাদের গ্রেফতার করে পুশব্যাকের চেষ্টা চলছে। কোনও অবস্থায় আর কোনও রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেবো না আমরা। তারা যেনো বাংলাদেশে ঢুকতে না পারে, সে ব্যাপারে সতর্ক আছে বিজিবি।’

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিজিবির মহাপরিচালক বলেন, ‘আমরা ধৈর্য ধারণ করে মানবিক দিক থেকে এবং আন্তর্জাতিক একটি সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছি। সোমবার রাত পর্যন্ত ১১৫ এবং মঙ্গলবার সকালে ১১৪ ও দুপুরে ৩৫ জনসহ মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ২৬৪ সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছেন।

আমরা তাদের আশ্রয় দিয়েছি, খাবারের ব্যবস্থা করেছি। ১৫ জন আহত হয়েছেন, এর মধ্যে আট জন গুরুতর আহত। চার জনকে কক্সবাজার সদর হাসপাতালে ও বাকি চার জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ভাগ্যজনকভাবে এক রোহিঙ্গা ও এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। এসব মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। আমরা প্রতিবাদ জানিয়েছি।

সরকারের বিভিন্ন মন্ত্রণালয় মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখছে, তাদের প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হচ্ছে। আমরা আশা করছি, সেটা শিগগিরই হবে।’

এর আগে দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।