চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের জাগির পাড়া থেকে জয়নাব বেগম (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টার দিকে ওই বাড়ির বাথরুমের ঝরনার সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত জয়নাব বেগম স্থানীয় মো. মহিউদ্দিনের স্ত্রী। তাঁদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। জয়নাবের বাবার বাড়ি আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে।
তবে স্থানীয় প্রতিবেশীরা দাবি করছেন, জয়নাব-মহিউদ্দিনের বিয়ে হয়েছে ৫-৬ বছর আগে। তবে সম্প্রতি তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। কলহের জেরে স্বামী মহিউদ্দিন পরিকল্পিতভাবে স্ত্রীকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছেন বলে মনে করছেন স্থানীয়রা।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ঘটনার খবর পেয়ে ফাঁড়ির আইসি ও মোবাইল টিম পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে বললেন ওসি।

