24.2 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআইন আদালতচট্টগ্রামে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকসহ ৩জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকসহ ৩জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ডে পরকীয়ার জেরে চারবছর আগে ছুরিকাঘাত করে ফল ব্যবসায়ী স্বামীকে হত্যার দায়ে তার স্ত্রী ও স্ত্রীর পরকীয়া প্রেমিকসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

আজ সোমবার (১৪ জুলাই) চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইচ এম শফিকুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- নিহত জয়নাল আবেদিনের স্ত্রী রিমা আক্তার, রিমার পরকীয়া প্রেমিক শাহাদাত হোসেন কাইয়ুম ও তার সহযোগী আবদুল কাইয়ুম। রায় ঘোষণার সময় তিনজন আদালতে উপস্থিত ছিলেন।

মামলা এজাহারে অভিযোগ করা হয়েছিল, শাহাদাতের সঙ্গে রিমার পরকীয় সম্পর্ক ছিল। এর জেরে শাহাদাত ও তার বন্ধু আবদুল কাইয়ুমের সহযোগিতায় ছুরিকাঘাতে স্বামী জয়নালকে হত্যা করেন রিমা। পরে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আফসার উদ্দিন হেলাল বলেন, পরকীয়ার জেরে স্বামীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় রিমাসহ তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

২০২১ সালের ৯ এপ্রিল রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের তেলিপাড়া এলাকার জয়নাল আবেদিন ওরফে কালা মিয়াকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়। জয়নাল চট্টগ্রাম নগরের হালিশহরে ফলের ব্যবসা করতেন।

ঘটনার পরদিন পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের চাচাত ভাই মহিউদ্দিন বাদী হয়ে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা করেন। একই বছরের ১২ এপ্রিল রিমা ও শাহাদাতকে গ্রেপ্তার করে পুলিশ। দু’জনই পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

২০২১ সালের ২৬ অক্টোবর তদন্ত শেষে সীতাকুণ্ড থানার তৎকালীন এসআই সাজিব হোসেন আদালতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

২০২৩ সালের ১১ মে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রফিকুল ইসলামের আদালতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত সোমবার এ রায় দেন।