33.5 C
Chittagong
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামআনোয়ারায় এক লক্ষ পিস ইয়াবা নিয়ে ধরা নারী মাদক কারবারি

আনোয়ারায় এক লক্ষ পিস ইয়াবা নিয়ে ধরা নারী মাদক কারবারি

চট্টগ্রামের আনোয়ারায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৩ কোটি টাকা মূল্যের এক লাখ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭।

গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত আনুমানিক সোয়া ১১টার দিকে উপজেলার রায়পুরের দক্ষিণ পরুয়াপাড়ার আনোয়ার মাঝির বাড়ি থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক নারী কারবারি নাম মনোয়ারা বেগম (৪৩)। সে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পারুয়াপাড়া গ্রামের আনোয়ার মাঝির স্ত্রী।

আজ শুক্রবার র‌্যাবের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

এতে বলা হয়, গোপন সোর্সের মাধ্যমে র‌্যাব সদস্যরা জানতে পারেন, রায়পুরের দক্ষিণ পরুয়াপাড়া এলাকার একটি বসতঘরে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রয়েছে।

এমন তথ্যে বৃহস্পতিবার রাতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল দক্ষিণ পরুয়াপাড়ার আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা মাদক কারবারি মনোয়ারা বেগমকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে তার দেখানো ও সনাক্ত মতে ঘরের বারান্দায় খাটের নিচে রাখা একটি নীল এবং কালো রঙের ব্যাগ থেকে বিশেষভাবে স্কচটেপে মোড়ানো ১০টি ইট সদৃশ প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেটগুলোতে মোট ১ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনোয়ারা স্বীকার করেছেন যে, তিনি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার মায়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দরে বিক্রি করে আসছিলেন।

আটক মনোয়ারা বেগমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবাসহ আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে জানায় র‌্যাব।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(খ)/৪১ ধারায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মনোয়ারা বেগমকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।