সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পড়ে ছিল অচেনা ব্যক্তির মরদেহ।
এমন খবর পেয়ে সোমবার (২১ জুলাই) ভোরে ঘটনাস্থলে পৌছে সলিমপুর সাঙ্গু গ্যাস ফিল্ড সড়কের মুখে পড়া থাকা মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
মৃত ব্যক্তির তাৎক্ষনিক কোন পরিচয় পাওয়া যায়নি। ওই ব্যক্তির কোমরের ওপরের অংশে শরীর থেঁতলানো, মুখে আঘাতের চিহ্ন ছিল।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে জানায় হাইওয়ে পুলিশ।
এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মোমিন বলেন, অচেনা মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে মরদেহটি দেখে ধারণা করা হচ্ছে ভোরে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন।

