জাতীয় দলের সাবেক ক্রিকেটার মীর বেলায়েত হোসেন বেলাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে ময়মনসিংহে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই প্রাক্তন ক্রিকেটার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন ১৯৭৭ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত। ১৯৭৯ সালের আইসিসি ট্রফিতে অংশ নেওয়া প্রথম বাংলাদেশ দলের সদস্য ছিলেন তিনি।
১৯৮৪ সালের এসিসি দক্ষিণ এশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের নিয়মিত মুখ ছিলেন এবং ওই আসরের সেরা পারফর্মারও হন তিনি।
পরিচিত ছিলেন একজন বিগ হিটার উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে। খেলেছেন আবাহনী, কালাবাগান, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক ও ধানমণ্ডি ক্লাবের হয়ে। জাতীয় চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করেছেন ময়মনসিংহ জেলার হয়ে।
ক্রিকেট ছাড়ার পরও বিসিবির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন বহু ম্যাচে: ৭৯টি প্রথম শ্রেণির ম্যাচ,৮১টি লিস্ট-এ ম্যাচ,১টি টি-টোয়েন্টি ম্যাচ।
এছাড়া বিসিবির আঞ্চলিক উন্নয়ন ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন। বহুদিন ধরে আর্থ্রাইটিসে ভুগছিলেন মীর বেলাল। শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক বছর ধরে মাঠের বাইরেই ছিলেন। চলাফেরায় অসুবিধার কারণে নিজ শহর ময়মনসিংহে নিজ বাসাতেই থাকতেন।
শেষ কয়েকদিনে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে বাসায় ফিরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক শোকবার্তায় মীর বেলালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এবং তার শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
একজন নিঃস্বার্থ পথপ্রদর্শক ও দেশের ক্রিকেটের অন্যতম পুরোধা ব্যক্তিত্বকে হারালো বাংলাদেশ। তাঁর অবদান আমাদের ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

