চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন তক্তারপুল খালপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত রবিবার (২৭ জুলাই) রাত সোয়া নয়টার দিকে ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের একটি দল অভিযানটি পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. সুমন (১৯)। সে বাকলিয়া থানায় দায়েরকৃত মো. মহিউদ্দিন (৪৫) হত্যা মামলার সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
আজ সোমবার দুপুরে সিএমপি কমিশনারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী বাকলিয়া থানার তক্তারপুল খালপাড়া এলাকায় অবস্থান করছে গোপন তথ্য পেয়ে ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে মো. সুমন (১৯) নামে একজনকে আটক করতে সক্ষম হলেও, মো. আসিফ (২৬) নামে আরেকজন পালিয়ে যায়।
পরে গ্রেপ্তার সুমনকে নিয়ে তক্তারপুল এলাকার একটি কলোনির পিছনে খালের দেয়ালের সাথে ইটের স্তূপে রাখা হত্যা মামলায় ব্যবহৃত একটি ‘মেড ইন ইউ.এস.এ’ লেখা বিদেশি পিস্তল এবং তিন রাউন্ড তাজা গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
তাছাড়া গ্রেপ্তারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন জানান, গত ২৫ জুলাই বাকলিয়ার ৫ নম্বর ব্রিজের পশ্চিম পাশে মো. আসিফ (২৬) নামে অপর একজনসহ মাদক ব্যবসায় আধিপত্য ও পূর্ব শত্রুতার জের ধরে মো. মহিউদ্দীনকে গুলি করে হত্যা করে।
পরে বাকলিয়া থানায় খোঁজ নিয়ে গোয়েন্দা পুলিশের টিম জানতে পারেন, গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৩৬, তারিখ-২৬/০৭/২০২৫ইং) দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

