চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মসলা বাটার শিলপাটা দিয়ে আঘাত করে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে।
আজ বুধবার ভোর পাঁচটার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খোয়াজনগর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী পলাতক।
নিহত স্ত্রী কুলসুমা বেগম (৪০) বান্দরবান জেলার আলী কদম এলাকার দিনমজুর আজিজ মিয়ার স্ত্রী। অভিযুক্ত স্বামী আজিজ মিয়া পেশায় একজন নির্মাণ শ্রমিক।
তারা দুই বছর ধরে পরিবার নিয়ে নুরুল আবছারের ভাড়াবাসায় বসবাস করেন আসছিলেন। তার পরিবারে তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোরে পারিবারিক নানা বিষয়ে কুলসুমার সঙ্গে তাঁর স্বামীর ঝগড়া হয়। এ সময় স্বামী আজিজুল কুলসুমাকে কয়েক দফা মারধর করেন।
একপর্যায়ে মসলা বাটার শিলপাটা দিয়ে কুলসুমার মাথায় আঘাত করলে সে অচেতন হয়ে পড়েন। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খোয়াজনগর গ্রামে স্বামীর হাতে স্ত্রী খুনের খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
পরিবার সূত্রে জানতে পারি নিহত কুলসুমার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এদিকে ঘটনার পর থেকে স্বামী পলাতক। তাঁকে আটকের চেষ্টা চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে জানালেন এ পুলিশ কর্মকর্তা।

