চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের আকবর পাড়া এলাকায় নেশার টাকার জন্য মাদকাসক্ত পিতার বিরুদ্ধে ৩ মাস বয়সী কন্যা শিশুকে বিক্রির অভিযোগ উঠেছে।
এব্যাপারে ৩ মাস বয়সী ওই কণ্যাশিশু জান্নাতুল মাওয়া মিমহার মা আসমাউল হোসনা বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেছেন।
পরে অভিযোগের সূত্র ধরে থানা পুলিশের একটি টিম শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করে এবং এই ঘটনায় শিশুটির বাবা মিরাজ উদ্দীনকে (৩০) আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (৮ আগস্ট) রাতে তাকে আটক করা হয়। আটক মিরাজ উদ্দীন সদর ইউনিয়নের আকবর পাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক।
জানা গেছে, গত ২ বছর আগে বান্দরবানের নেক্ষ্যংছড়ির বদ্দানঝিরির আছারতলি এলাকার আসমাউল হোসনার সঙ্গে বিয়ে হয় মিরাজ উদ্দীনের। সেই ঘরে তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়।
নেশার টাকা যোগাতে একমাত্র সন্তানটিই বিক্রি করেছিল বাবা। খবর পেয়ে লোহাগাড়া পুলিশ উপজেলার মছদিয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে।
তার স্ত্রী আসমাউল হোসনা বলেন, আমার স্বামী নিয়মিত মাদক সেবন করত। প্রতিবাদ করলে আমাকে মারধর করত।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, শিশু বিক্রি হয়েছে খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে মায়ের কাছে হস্তান্তর করা হয়। শিশুটির বাবা মিরাজ উদ্দীনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

