চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন পূর্ব বাকলিয়ার জাহাঙ্গীর কলোনির একটি ভাড়া বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
অভিযানে ওই ভাড়া বাসাটির একটি বিছানার নিচে লুকানো তিনটি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। যেখানে ৪০ কেজি গাঁজা মোড়ানো ছিল। পরে সেগুলো উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।
গোপন সোর্সের তথ্যমতে সোমবার (১১ আগস্ট) বিকাল চারটার দিকে অভিযান চালিয়ে এসব মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন নারী রয়েছে।
এরা হলেন-আনোয়ারা বেগম (৬০), ছেনোয়ারা বেগম (৪০) ও দিলদার বেগম (৩৫)। একই অভিযানে গ্রেপ্তার অপর মাদক কারবারির নাম আব্দুল করিম (৩৬)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার ও কুমিল্লা সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করার কথা স্বীকার করেন।
পরে উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারদের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে জানালেন র্যাব-৭ এর এ কর্মকর্তা।

