কক্সবাজার রিজিয়নের অধীনে জব্দ হওয়া ১ হাজার ৩২১ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ১১৬ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদক আগুনে পুড়িয়ে ও নষ্ট করা হয়।
ধ্বংস হওয়া মাদকের মধ্যে ছিল- ২ কোটি ৩৩ লাখ ৯৪৯ পিস ইয়াবা, ১৪০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৬১ হাজার ৪৯১ ক্যান বিয়ার, ২২ হাজার ১৫৫ বোতল মদ, ৩ লাখ ৩৭ হাজার ৬৪২ প্যাকেট সিগারেট, ১৬৯ বোতল ফেন্সিডিল, ১ হাজার ৭৯৯ লিটার বাংলা মদ, ৪ দশমিক ৪০৫ কেজি কোকেন, ৫২ দশমিক ৮ কেজি গাঁজা, ২৫ দশমিক ৯৯৮ কেজি হেরোইন, ৪ কেজি আফিম, ১৯২ ক্যান এনার্জি ড্রিংকস, ৫৪০ কৌটা বার্মিজ জর্দা ও ২ বোতল হুইস্কি।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আকছার খান, র্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন, কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীদুল আলম।
বিজিবি জানায়, চলতি বছরের প্রথম সাত মাসে ২ হাজার ২১৬ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এর মধ্যে ৮৯৫ কোটি ৩ লাখ ৭৩ হাজার টাকার মাদক থানায় হস্তান্তর করা হয়েছে এবং ২ হাজার ৬৯৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বাকি ১,৩২১ কোটি টাকার মাদক ধ্বংস করা হয়।

