27.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারাদেশথানায় যুবকের মৃত্যু, তিন পুলিশ প্রত্যাহার

থানায় যুবকের মৃত্যু, তিন পুলিশ প্রত্যাহার

কক্সবাজারের চকরিয়া থানা হাজতে চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারীর দুর্জয় চৌধুরীর (২৭) মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব থানার হাজত থেকে তার মরদেহ উদ্ধার করেন।

পুলিশ এই ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করলেও নিহতের পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

পরে এ ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত কমিটি গঠন করে প্রাথমিকভাবে একজন এএসআই ও দুই জন কনস্টেবলকে প্রত্যাহার করে নেয়।

দুর্জয় চৌধুরী চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ছিলেন। তিনি চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী হিন্দুপাড়ার কমলচৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগ এনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম বৃহস্পতিবার রাতে লিখিত অভিযোগসহ দুর্জয়কে থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

কিন্তু ভোরে নিজের পরিধেয় শার্ট ব্যবহার করে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেন তিনি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান হলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন।

অপর দুই সদস্য হলেন চকরিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার অভিজিত দাস, চকরিয়া আদালত পুলিশের পরিদর্শক মো. আনোয়ার হোসেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন বলেন, যদি তদন্তে পুলিশের কোনো গাফিলতি পাওয়া যায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইতিমধ্যে এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশের এএসআই ও দুই জন কনস্টেবলকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।