27.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি ও ৪ সমঝোতা স্মারক সই

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি ও ৪ সমঝোতা স্মারক সই

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে একটি চুক্তি, চারটি সমঝোতা স্মারক (এমওইউ) ও একটি কর্মসূচি (প্রোগ্রাম) সই হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের মধ্যে বৈঠক শেষে এ সই কার্যক্রম সম্পন্ন হয়।

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন। আলোচনায় উঠে আসে বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু, যার অংশ হিসেবে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

এ বিষয়ে এক প্রশ্নে ইসহাক দার জানান, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার বৈঠকটি ‘ইতিবাচক’ হয়েছে।

চুক্তি সই
দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি সই হয়েছে।

এমওইউ সই
সই হওয়া এমওইউগুলো হলো: দুই দেশের বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন। দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা।

দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থার (বাসস ও এপিপিসি) মধ্যে সহযোগিতা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) সঙ্গে পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদের (আইএসএসআই) সহযোগিতা।

কর্মসূচি সই
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংস্কৃতিবিনিময় কর্মসূচি (সিইপি) সই। এর আগে আজ সকালে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেন।

আজ দুপুরে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে কুশল বিনিময়ের জন্য তাঁর বাসায় যাবেন ইসহাক দার।

কূটনৈতিক একাধিক সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, আজ বেলা আড়াইটার দিকে ইসহাক দার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শফিকুর রহমানের বাসায় যাবেন।

আজ বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইসহাক দার।

এদিকে আজ সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তাঁর গুলশানের বাসায় যাবেন ইসহাক দার। গতকাল শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

এর আগে, শনিবার (২৩ আগস্ট) তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান ইসহাক দার। সফরের প্রথম দিনেই তিনি ঢাকায় পাকিস্তান হাইকমিশনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ছাড়াও আলোচনায় উঠে আসে একাত্তরের ইস্যু।

তিন দিনের এ সফরে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ছাড়াও আঞ্চলিক সহযোগিতা এবং সমসাময়িক আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।