27.1 C
Chittagong
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামনুরের ওপর হামলা: চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ

নুরের ওপর হামলা: চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ঢাকায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছে দলটির নেতাকর্মীরা।

আজ শনিবার (৩০ আগস্ট) বেলা ১২টায় নগরীর ষোলশহর দুই নম্বর গেইট মোড়ে সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা।

এর আগে শুক্রবার রাতে কাকরাইলে নুরসহ তার দলের নেতাকর্মীরা যৌথবাহিনীর লাঠিচার্জে আহত হন।

গণঅধিকার পরিষদের দাবি, তাদের মিছিলের পেছন থেকে জাতীয় পার্টি হামলা চালিয়েছে। অন্যদিকে জাতীয় পার্টির পাল্টা অভিযোগ, ওই মিছিল থেকে তাদের প্রধান কার্যালয়ে হামলা করা হয়েছে।

ঢাকায় হামলার প্রতিবাদে শুক্রবার রাতে ষোলশহর এলাকায় বিক্ষোভ করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। শনিবার বেলা ১২টা থেকে একই এলাকায় তারা আবারও বিক্ষোভ করছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আহত নুরুল হক নুরুর ছবি সংবলিত ব্যানার নিয়ে কিছু যুবক ষোলশহর মোড়ে অবস্থান নিয়েছে। তারা সড়কে টায়ার পুড়িয়ে ও ট্রাফিক পুলিশের ব্যারিকেড দিয়ে যান চলাচল অচল করে দেন।

এ সময় ‘ব্লকেড ব্লকেড সারা বাংলা ব্লকেড’, ‘নো মোর মিলিটারি ব্যারাকে ফির তাড়াতাড়ি’, ‘জাপা ধর জেলে ভর’, ‘হাসিনা গেছে যে পথে জাপা যাবে সে পথে’ ইত্যাদি স্লোগান দেন বিক্ষোভকারীরা।

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য মো. জসিম উদ্দিনের অভিযোগ, দলের সভাপতি নুরুল হকের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রকাশ্যে হামলা চালিয়েছে।

হামলাকারীদের বিচারের আওতায় না আনা পর্যন্ত তাদের বিক্ষোভ চলবে। এ ছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগ করতে হবে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) জাহাঙ্গীর বলেন, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না হয়, সেজন্য আমরা সজাগ আছি।