পার্বত্য বান্দরবানের লামায় আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে লামা থানা পুলিশ।
ভুক্তভোগীর দেওয়া অভিযোগের সূত্র ধরে সোমবার (১ সেপ্টেম্বর) সকালে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুসলিম পাড়ার সোলেইমানের ছেলে ফয়সাল (২১) এবং একই এলাকার ইসহাক সর্দারের ছেলে রাব্বি (২১)।
এর আগে রবিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুসলিম পাড়ায় এই ঘটনা ঘটে।
লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এসময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। ধর্ষণের সকল আলামত সংরক্ষণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুইজন এখন থানা হেফাজতে আছে। তাদের আদালতে পাঠানো হবে।
ভুক্তভোগীর স্বামী বলেন, তিনি অনেক রাত পর্যন্ত বাগানের কাজে খামার বাড়িতে ছিলেন। বাড়িতে একা থাকার সুযোগে অভিযুক্তরা তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণ করে। রাতেই তিনি বিষয়টি লামা থানা পুলিশের অফিসার ইনচার্জকে অবহিত করেন।

