চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে হাটহাজারী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইমরান হোসেন প্রকাশ (৩৫), হাসান প্রকাশ হাসাঈন (২২), রাসেল প্রকাশ ওরফে কালো রাসেল (৩০), মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) ও মো. দিদারুল আলম (৪৬)।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার সাব ইন্সপেক্টর রুপন নাথ।
তিনি বলেন, গতকাল রাত ১০টা থেকে ১২টার মধ্যে বিশেষ অভিযান চালিয়ে ৮ জনকে আমরা গ্রেপ্তার করেছি। তাদেরকে ১০ দিনের রিমান্ড চেয়ে জেলা আদালতে পাঠানো হয়েছে। আমাদের গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে। আমাদের একটি টিম এখনো অভিযানে রয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের প্রধান আবদুর রহিম বাদী হয়ে হাটহাজারী থানায় ৯৫ জনকে বিবাদী করে ও অজ্ঞাত আরও ৮০০-১০০০ জনের নামে মামলা করেন।
গতকাল মামলার বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় দেরিতে ঢোকায় দারোয়ান এক ছাত্রীকে চড় মারেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত ১২টা থেকে ৪টা পর্যন্ত এবং পরদিন বেলা ১১টা থেকে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৪২১ জন শিক্ষার্থী আহত হয় বলে নিশ্চিত করেন চবি মেডিকেল কেন্দ্রের প্রধান ডা. আবু তৈয়ব।
এরমধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় শুরুতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে অবস্থার উন্নতি হওয়ায় ২জনকে বেডে স্থানান্তর করা হয়েছে।

