31.3 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদখেলাধুলাএস্তোনিয়াকে উড়িয়ে ইতালির দাপুটে জয়

এস্তোনিয়াকে উড়িয়ে ইতালির দাপুটে জয়

বিশ্বকাপ বাছাইয়ে নতুন কোচ জেন্নারো গাত্তুসোর হাতে দুর্দান্ত অভিষেক পেল ইতালি। শুক্রবার বেরগামোর গেউইস স্টেডিয়ামে এস্তোনিয়াকে ৫–০ গোলে উড়িয়ে দিয়েছে আজ্জুরিরা।

প্রথমার্ধে খেলার নিয়ন্ত্রণে থেকেও গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় ইতালি। একের পর এক আক্রমণ করেও পলিতানো, দিমারকো ও রেতেগুই গোলের দেখা পাননি। সব শট ঠেকিয়ে দেন এস্তোনিয়ার তরুণ গোলরক্ষক কার্ল হেইন।

তবে দ্বিতীয়ার্ধে পুরো চিত্র পাল্টে যায়। ৫৮ মিনিটে মোয়েজে কিনের শটে জালের দেখা পেয়ে এগিয়ে যায় ইতালি। এরপর যেন গোলের স্রোত শুরু হয়।

নিজের পুরোনো মাঠ বেরগামোতে ফিরে মাতেও রেতেগুই করেন দুটি গোল (৬৯ ও ৮৯ মিনিটে)। মাঝখানে ৭১ মিনিটে গিওকোমো রাসপাদোরি ব্যবধান বাড়ান, আর যোগ করা সময়ে ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি দলের হয়ে পঞ্চম গোলটি করেন।

এই জয়ে ইতালি শুধু তিন পয়েন্টই পেল না, বরং নতুন কোচের অধীনে বিশ্বকাপের টিকিট পাওয়ার আশা আরও জোরালো হলো। গাত্তুসোর দল এখনো শীর্ষে ফেরার লড়াইয়ে রয়েছে। আগামী ম্যাচে তাদের প্রতিপক্ষ ইসরায়েল, ভেন্যু হাঙ্গেরির দেবে্রেচেন।

দিনের অন্য ম্যাচগুলোতে কসোবোকে ৪-০ গোলে সুইজারল্যান্ড, বেলারুশকে ৫-১ গোলে গ্রিস ও ফারো আইল্যান্ডসকে ১-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। এছাড়া ড্র করেছে স্লোভেনিয়া-সুইডেন (২-২) ও ডেনমার্ক-স্কটল্যান্ড (০-০)।