সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের টি-টোয়েন্টি আসর। রোববার সকালে দেশ ছেড়েছে বাংলাদেশ দলের প্রথম বহর।
সকাল সোয়া ১০টার ফ্লাইটে দুবাইয়ের পথে রওনা হন অধিনায়ক লিটন দাস, সঙ্গে ছিলেন সাইফ হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান এবং কোচিং স্টাফদের কয়েকজন সদস্য।
দুবাই হয়ে তারা যাবেন আবুধাবি। দলের বাকিরা যাবেন সন্ধ্যায় দ্বিতীয় বহরে।
দেশ ছাড়ার আগে লিটন দাস নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন বার্তা দেন। সারা বিশ্বের বাংলাদেশি সমর্থকদের কাছে তিনি এবং তার দলের জন্য দোয়া চান।
তার ভাষায়, প্রতিশ্রুতি একটাই-সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দল সেরাটা উজাড় করে দেবে। লিটন স্পষ্ট করে দেন, তারা একবারে একটি করে ম্যাচ খেলবেন, তবে শেষ লক্ষ্য থাকবে ট্রফি জেতা। অধিনায়কের এই দৃঢ় অঙ্গীকার সমর্থকদের নতুন করে আশাবাদী করে তুলেছে।
বাংলাদেশ দল এবারের আসরে পড়েছে শক্তিশালী ‘বি’ গ্রুপে। প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের মিশন।
এরপর অপেক্ষা আরও বড় চ্যালেঞ্জের, কারণ ১৩ সেপ্টেম্বর মোকাবিলা করতে হবে শ্রীলঙ্কাকে এবং ১৬ সেপ্টেম্বর মাঠে নামতে হবে আফগানিস্তানের বিপক্ষে।
এশিয়া কাপে বাংলাদেশ এখনো ট্রফি স্পর্শ করতে পারেনি। তিনবার ফাইনালে উঠেও শেষ মুহূর্তে হোঁচট খেয়েছে টাইগাররা। একবার টি-টোয়েন্টি সংস্করণেও ফাইনালে পৌঁছে শিরোপার স্বাদ মেলেনি।
তবে এবারের দলকে ঘিরে প্রত্যাশার পারদ একটু বেশি। কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ ধারায় আছে।
শ্রীলঙ্কাকে তাদের মাঠে হারানোর পর ঘরের মাঠে একে একে সিরিজ জিতেছে পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে। টানা তিন সিরিজ জয় দলের আত্মবিশ্বাসকে অনেক উঁচুতে তুলেছে।

