অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় দেশের সর্বোচ্চ ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এই অবস্থায় আগামী ৫ দিনও দেশের কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
সেই সঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় হালকা ভারি বৃষ্টিতে নগরের প্রবর্তক মোড়, চকবাজার, বাকলিয়া, হালিশহর, আগ্রাবাদ সিডিএসহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এ সময় সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হন। কোথাও কোথাও হাটুসমান পানি জমেছে।
বৃষ্টিতে বেকায়দায় পড়েন নিম্ন আয়ের লোকজন, যারা সবজি, ফলমূল ফেরি করে, দিনমজুরি করে সংসার চালান। বৃষ্টির কারণে বন্ধ রয়েছে অধিকাংশ টং দোকান।
পতেঙ্গা আবহাওয়া দপ্তরের সহকারী আবহাওয়াবিদ বলেন, ‘মৌসুমি বায়ু এখনো সক্রিয় থাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আগামী কয়েক দিন এ ধরনের বৃষ্টি হতে পারে।’
বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর বলেছে, রোববার সকাল ৯টা থেকে পরের ৭২ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।

