20.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাসাতকানিয়ায় ৭ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা

সাতকানিয়ায় ৭ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অগ্নি নিরাপত্তা ও লাইসেন্স সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগে ৭টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সাতকানিয়ার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে গতকাল শনিবার উপজেলার কেরানিহাট বাজার ও আশপাশের এলাকায় পরিচালিত অভিযানে সহায়তা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আনসার বাহিনী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান জানান, বিভিন্ন গ্যাস গুদাম, পেট্রোল পাম্প ও এলপিজি বিক্রয় কেন্দ্রগুলোতে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকা, মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপন যন্ত্র রাখা, আবাসিক এলাকায় বিপজ্জনকভাবে গ্যাস সিলিন্ডার মজুদ এবং লাইসেন্স নবায়ন না করার অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে ছদাহা বৈলতলীর সিলিন্ডার গুদামের মো. ফেরদৌসকে ৫০ হাজার, মেসার্স মজিদ পেট্রোল পাম্প অ্যান্ড কোংকে ২০ হাজার, সাঙ্গু এলপিজিকে ২০ হাজার, বাজালিয়া অটো এলপিজিকে ১০ হাজার, কেরানিহাট অটো গ্যাসকে ২০ হাজার এবং তোহা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, কেরানিহাট-বান্দরবান মহাসড়কে গাড়ি পার্কিং করে যান চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে কেরানিহাট বাস মালিক সমিতিকে সড়ক পরিবহন আইন ২০১৮-এর আওতায় ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে সড়কে যানবাহন পার্কিং না করার নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার বিভিন্ন অঞ্চলে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ ও ট্রান্সফারের মাধ্যমে ব্যবসা পরিচালিত হচ্ছে, যা সাম্প্রতিক ভয়াবহ দুর্ঘটনার অন্যতম কারণ।

উল্লেখ্য, কিছুদিন আগে সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে গ্যাস বিস্ফোরণে ১০ জন অগ্নিদগ্ধ হন এবং একজনের মৃত্যু ঘটে। তারা এই ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান জানান, শুধু জরিমানায় সীমাবদ্ধ না থেকে, অগ্নি নিরাপত্তাহীন বহুতল ভবন, মার্কেট এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও শিগগিরই অভিযান পরিচালিত হবে।

তিনি আরও বলেন, জনস্বার্থে এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।