29.4 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআন্তর্জাতিকগাজায় আরও ৭৫ ফিলিস্তিনি নিহত

গাজায় আরও ৭৫ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চলছেই। সবশেষ ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ২৮৩ জনে। 

রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

এতে বলা হয়, গাজায় প্রায় দু’বছর ধরে চলা ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা ৬৫ হাজার ২৮৩ জনে পৌঁছেছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৬৬ হাজার ৫৭৫ জন ফিলিস্তিনি।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭৫ জনের মৃতদেহ হাসপাতালগুলোতে আনা হয়েছে, যাদের মধ্যে চারজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ৩০৪ জন।

বিবৃতিতে আরও বলা হয়, আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ তাদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টাকালে ইসরায়েলি সেনাদের গুলিতে পাঁচ ফিলিস্তিনি নিহত ও ২৪ জন আহত হয়েছেন।

এ নিয়ে এ পর্যন্ত সহায়তা সংগ্রহ করতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫২৩ জনে এবং আহত হয়েছেন ১৮ হাজার ৪৭৩ জনের বেশি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ক্ষুধা ও অপুষ্টিতে শিশুসহ চারজন মারা গেছে। এ নিয়ে ক্ষুধাজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪০ জনে, যার মধ্যে ১৪৭টি শিশু।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল। তবুও থেমে নেই তাদের বর্বরতা। এ নিয়ে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে।