চট্টগ্রামের বন্দর এলাকায় পুলিশের টহল টিম দেখে ভয়ে পুকুরে লাফ দিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মাসুদ রানা (৩০)। তিনি ওই এলকার বাসিন্দা নেছার আহমেদের ছেলে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আবদুল মন্নান।
স্থানীয় বাসিন্দারা জানান, রোববার বিকেল ৩টার দিকে বন্দর থানা পুলিশের একটি টহল টিম ২ নম্বর সাইডের রাজা বাদশা ব্রিকফিল্ড ডেবার পাড় এলাকায় প্রবেশ করলে প্রায় ৩০ জন মাদকসেবী ও ক্রেতা-বিক্রেতা দিকবেদিক ছুটতে শুরু করেন।
এ সময় মাসুদ রানা দৌড়াতে গিয়ে পুকুরে পড়ে তলিয়ে যান। ঘটনার পর পুলিশ কিছুক্ষণ ঘটনাস্থলে অবস্থান করলেও রানা আর পানির ওপরে ওঠেননি।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ২০ ফুট গভীর থেকে তার মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আবদুল মন্নান বলেন, আজ সকাল সাড়ে ৮টার দিকে বন্দর থানাধীন ডেবার পাড় এলাকার ডেবা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, গতকাল কয়েকজন লোক ডেবার পাড়ে তাস খেলারত অবস্থায় পুলিশ আসার খবরে পুকুরে ঝাপ দেয়। পরে একজন নিখোঁজ হওয়ার খবরে আমাদের ডুবুরি দল গিয়ে মরদেহ উদ্ধার করে।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়েছে।

