ভারতের প্রখ্যাত গায়ক জুবিন গার্গের মৃত্যুতে নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছে। গত ১৯ সেপ্টেম্বর তিনি সিঙ্গাপুরে রহস্যজনকভাবে মারা যান।
মৃত্যুর পর পরিকল্পিত হত্যার অভিযোগ ওঠে। সন্দেহের তীর অনেকের দিকে যায়। ইতোমধ্যে জুবিনের ম্যানেজার ও সহশিল্পীসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এবার এ ঘটনায় আবার নতুন মোড় এসেছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়াত গায়কের জ্ঞাতিভাই এবং আসাম পুলিশ সার্ভিসের (এপিএস) কর্মকর্তা সন্দীপন গার্গকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, জুবিনের মৃত্যুর সময় তিনি ইয়ট পার্টিতে উপস্থিত ছিলেন।
সূত্র জানিয়েছে, ১৯ সেপ্টেম্বর জুবিন উত্তর-পূর্ব ভারত উৎসবে অংশ নিতে সিঙ্গাপুর যান। সেখানে একটি দ্বীপের কাছে সাঁতার কাটার সময় তার মৃত্যু ঘটে। পার্টিতে উপস্থিত সন্দীপন গার্গকে কেন্দ্র করে তদন্তের চাপ বেড়ে যায়।
ইতোমধ্যে গায়ক জুবিনের ব্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামী, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ইভেন্ট অর্গানাইজার শ্যামকানু মহন্ত এবং সংগীতশিল্পী অমৃতপ্রভা মহন্তকে আটক করা হয়েছে।
ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) জানিয়েছে, সন্দীপন গার্গের গ্রেপ্তার মামলার তদন্তে নতুন দিক উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তার উপস্থিতি এবং পার্টির ঘটনা এখন তদন্তের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে।
৮ অক্টোবর তাকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে হাজির করার কথা রয়েছে।
এছাড়াও, জুবিনের মৃত্যুর আগে তার দুই ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি রুপির লেনদেন হয়। এ বিষয়ে গভীর তদন্ত চলছে।
জুবিন গার্গের মৃত্যু শুধু সংগীতজগৎ নয়, সমগ্র ভারতের সংস্কৃতি অঙ্গনকেও শোকাহত করেছে। সন্দীপন গার্গের গ্রেপ্তারের মধ্য দিয়ে তদন্ত নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।

