দেশের বাজারে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা বৃদ্ধি পেয়ে এখন নির্ধারিত হয়েছে ১৯৫ টাকা। এতদিন এই তেল বিক্রি হচ্ছিল ১৮৯ টাকায়।
নতুন দাম আজ ১৪ অক্টোবর থেকে কার্যকর হবে। রবিবার (১২ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভোজ্যতেল আমদানিকারক ও রিফাইনারি মালিকদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করা হয়।
ঘোষণা অনুযায়ী, এই নতুন দাম আগামী ১৪ অক্টোবর, মঙ্গলবার থেকে সারাদেশে কার্যকর হবে।
এদিকে শুধু বোতলজাত নয়, খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৮ টাকা বাড়িয়ে ১৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খোলা পাম তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে এখন বিক্রি হবে ১৬৩ টাকায়।
সংগঠনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ায় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে দেশীয় বাজারে এই নতুন দাম সমন্বয় করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে সর্বশেষ তেলের দাম বাড়ানো হয়েছিল গত ১৩ এপ্রিল।

