২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলের জন্য প্রায় সাড়ে ১২ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে আগামীকাল।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, আগামী ১৬ অক্টোবর, বৃহস্পতিবার, সকাল ১০টায় একযোগে সারাদেশে এই ফলাফল প্রকাশ করা হবে।শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং মোবাইলে এসএমএস-এর মাধ্যমে তাদের ফলাফল সংগ্রহ করতে পারবেন।
যেভাবে অনলাইনে ফল জানা যাবে
ফলাফল প্রকাশের পর শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট www.educationboardresults.gov.bd-এ ভিজিট করে পরীক্ষার্থীরা তাদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানতে পারবেন।
এছাড়াও, নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়েও শুধুমাত্র রোল নম্বর দিয়ে ফলাফল সংগ্রহ করা যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের EIIN ব্যবহার করে প্রাতিষ্ঠানিকভাবে সম্পূর্ণ ফলাফল ডাউনলোড করতে পারবে।
যেভাবে এসএমএস-এর মাধ্যমে ফল জানা যাবে
মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর নিজের শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (যেমন: ঢাকার জন্য DHA) লিখে আরও একটি স্পেস দিতে হবে।
তারপর পরীক্ষার্থীর রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পরীক্ষার সাল (2025) লিখতে হবে। সবশেষে মেসেজটি 16222 নম্বরে পাঠিয়ে দিতে হবে। ফিরতি এসএমএস-এ ফলাফল জানিয়ে দেওয়া হবে।
উদাহরণ: HSC <স্পেস> DHA<স্পেস> 123456 <স্পেস> 2025 লিখে 16222 নম্বরে পাঠান।
উল্লেখ্য, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল।

