চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার আমিরাবাদ পুরান বিওসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কুমিল্লার চৌদ্দগ্রাম থানার লক্ষীপুর এলাকার মো. ফারুকের ছেলে মো. সোহেল রানা (২৬) ও ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার কাজিরহাট এলাকার আবদু রহমানের ছেলে আবু বক্কর সিদ্দীক (১৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজারগামী মোটরসাইকেলকে চট্টগ্রামগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে।
দোহাজারি হাইওয়ে থানার ওসি মাহাবুব আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তাছাড়া দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ মোটরসাইকেলটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়া হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক বাসটি চিহ্নিত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

