শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করে তার প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (২৫ অক্টোবর) গাজীপুরের কাপাসিয়ার ধাঁধার চরে ‘নদী বাঁচাও, জীবন বাঁচাও’ স্লোগানকে উপজীব্য করে দিনব্যাপী আয়োজিত নদী ও পরিবেশকর্মীদের অনুপ্রেরণামূলক মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করে তার প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা।
উৎসবমুখর এ নদী যাত্রায় ছিল সচেতনতার বার্তা ও ঐক্যের অঙ্গীকার। উপদেষ্টা বলেন, শীতলক্ষ্যা নদী বাঁচাতে এখনই সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ ও গাজীপুর অঞ্চলে শিল্পবর্জ্যের কারণে শীতলক্ষ্যা নদী ভয়াবহভাবে দূষিত হচ্ছে। এই দূষণ শুধু নদীর প্রাণহানিই ঘটাচ্ছে না, বরং আশপাশের পরিবেশের ভারসাম্যকেও মারাত্মকভাবে বিপন্ন করছে।
নদী রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা ও পরিবেশকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, নদী দূষণ রোধ করা গেলে জলজ প্রাণীরা মুক্তভাবে বাঁচতে পারবে।
নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে। নদী ফিরে পাবে তার স্বাভাবিক প্রবাহ।

