চট্টগ্রামের পূর্ব কালুরঘাট বাদামতল এলাকায় পার্কিং করা একটি ট্রান্সপোর্ট কোম্পানির কাভার্ডভ্যান থেকে চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রবিবার (২৬ অক্টোবর) দুপুরে ঘটনাস্থলে পৌছে কাভার্ডভ্যানটির চালকের আসনের পেছনের একটি সিটে চিৎ হয়ে শোয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মৃত চালকের নাম মো. মহিউদ্দিন (৪০)। সে ফটিকছড়ি উপজেলার নারায়ণ হাট এলাকার উকিল পাড়ার মো.ইউনুসের ছেলে। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
জানা গেছে, চালক মহিউদ্দিন গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার জেলার উখিয়া থেকে কাভার্ডভ্যানে মালামাল নিয়ে পূর্ব কালুরঘাটের হাক্কানি পেপার মিলে এসেছিলেন।
আমীর আলী শাহ ট্রান্সপোর্টের মালিক মো. রাসেল আহমেদ বলেন, টেকনাফ থেকে মালামাল নিয়ে মহিউদ্দিন একা গাড়ি চালিয়ে বোয়ালখালীতে পৌঁছায় বৃহস্পতিবার রাতে।
পরদিন শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মালামাল আনলোড হয়। সন্ধ্যায়ও তার সাথে যোগাযোগ হয়েছে। এরপর তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও মহিউদ্দিন রিসিভ করেননি।
রবিবার (২৬ অক্টোবর) আমাদের অন্য গাড়ির হেলপার গাড়িটি দেখতে পেয়ে চালকের আসনে উঁকি দেখে মহিউদ্দিনের মরদেহ।
তার মামাতো ভাই মো.জাহেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মহিউদ্দিন গত ৩ মাস আগে আমীর আলী শাহ ট্রান্সপোর্টে চাকরি নিয়েছে। এর আগে বিছমিল্লাহ ট্রান্সপোর্টে কাজ করতো।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, মৃতদেহটির ডান হাত মাথার নিচে ছিল। পচন ধরে গেছে।
মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

