27.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজশহীদ ওয়াসিমের কবর জিয়ারতে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান

শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

সোমবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী।

তিনি জানান, সবকিছু ঠিক থাকলে ১৮ জানুয়ারি পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন তারেক রহমান।

এদিকে দীর্ঘদিন পর তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে জেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, দীর্ঘদিন পর দেশে ফিরে তারেক রহমান কক্সবাজারের মাটিতে পা রাখতে চলেছেন, যা জেলা বিএনপি পরিবারের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়।

এছাড়া কক্সবাজার সফরে তারেক রহমান যেন ২০২৩ সালের নভেম্বরে উখিয়ায় গুলিতে নিহত বিএনপি কর্মী জাগির হোসেনের পরিবারের খোঁজ নেন- এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন অনেক নেতাকর্মী।

উখিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আহমদ শাকিল বলেন, স্বৈরাচার সরকারের পেটোয়া বাহিনীর গুলিতে নিহত শহীদ জাগির হোসেনের পরিবার ও তার দুই এতিম সন্তানের খোঁজ নিলে তা নেতাকর্মীদের জন্য বড় প্রাপ্তি হবে।

এর আগে আগামী ১১ জানুয়ারি ১৯ বছর পর বগুড়া সফর এবং ১২ জানুয়ারি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের কথা রয়েছে তারেক রহমানের।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। সে সময় রাজধানীর তিনশ ফিট এলাকায় তাকে অভ্যর্থনা জানায় লাখো মানুষ।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে শহীদ হন ওয়াসিম আকরাম।

তিনি চট্টগ্রাম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।