20.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদখেলাধুলারিয়ালকে কাঁদিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতলো বার্সেলোনা

রিয়ালকে কাঁদিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতলো বার্সেলোনা

স্প্যানিশ ফুটবলের সবচেয়ে উত্তপ্ত মঞ্চে শিরোপা নিজেদের দখলে রাখল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে টানটান উত্তেজনার এল ক্লাসিকো ফাইনালে ৩–২ গোলের জয় তুলে নিয়েছে কাতালান জায়ান্টরা।

২০১১ সালের পর এই প্রথম কোনো দল টানা দুইবার সুপার কাপ জিতলো।

জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচটি ছিল রীতিমতো নাটকের পসরা। পাঁচ গোলের চারটিই আসে প্রথমার্ধে, আর স্টপেজ টাইমেই হয় তিনটি গোল, যা ম্যাচটিকে পরিণত করে এক রুদ্ধশ্বাস ফুটবল থ্রিলারে।

ম্যাচের শুরুতে দুই দলই সমান তালে আক্রমণ চালায়। তবে আধাঘণ্টা পেরোতেই নিয়ন্ত্রণ নেয় বার্সা। ৩৬ মিনিটে রাফিনহা ডান দিক থেকে বক্সে ঢুকে নিচু শটে গোল করে দলকে এগিয়ে দেন।

কিন্তু বিরতির ঠিক আগে পাল্টা আঘাত হানে রিয়াল। মাঝমাঠ থেকে বল নিয়ে দুর্দান্ত একক প্রচেষ্টায় দুই ডিফেন্ডারকে কাটিয়ে সমতা ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।

নাটক এখানেই থামেনি। দুই মিনিটের ব্যবধানে ফের এগিয়ে যায় বার্সেলোনা। বক্সে জায়গা পেয়ে লেভানডোভস্কি নিখুঁত চিপ শটে গোল করেন।

কিন্তু প্রথমার্ধের ইনজুরি টাইমে কর্নার থেকে গনসালো গার্সিয়ার শটে বল পোস্টে লেগে লাইনের ভেতর ঢুকে গেলে আবার সমতা ফেরে, ২–২।

বিরতির পরও লড়াই চলে সমানতালে। ম্যাচের মোড় ঘুরে যায় ৭৩ মিনিটে।

রাফিনহার শট রিয়াল ডিফেন্ডার রাউল আসেনসিওর গায়ে লেগে দিক বদলে থিবো কোর্তোয়ার ভুল পায়ে জালে জড়িয়ে যায়। সেটিই হয়ে দাঁড়ায় ম্যাচের জয়সূচক গোল।

এরপর বদলি হিসেবে নামেন কিলিয়ান এমবাপ্পে, তবে হাঁটুর চোট থেকে ফেরা ফরাসি তারকা দলকে সমতায় ফেরাতে ব্যর্থ হন।

উল্টো শেষ দিকে এমবাপ্পেকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রেঙ্কি ডি ইয়াং। তবুও দশজনের বার্সেলোনার বিপক্ষে সুযোগ কাজে লাগাতে পারেনি রিয়াল।

শেষ মুহূর্তে বার্সা গোলরক্ষক জোয়ান গার্সিয়া একাধিক দুর্দান্ত সেভে দলকে রক্ষা করেন।

ফলে শেষ পর্যন্ত ৩–২ গোলের জয় নিয়ে ১৬তম সুপার কাপ ট্রফি ঘরে তোলে বার্সেলোনা এবং ইতিহাস গড়ে টানা দুইবার শিরোপা জয়ের কীর্তি গড়ে।