20.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআন্তর্জাতিকচলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়লো ক্রেন, অন্তত ২২ জনের মৃত্যু

চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়লো ক্রেন, অন্তত ২২ জনের মৃত্যু

ব্যাংকক থেকে থাইল্যান্ডের ২৩০ কিলোমিটার (১৪৩ মাইল) উত্তর-পূর্বে নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায় উবন রাতচাথানি প্রদেশে যাওয়ার পথে একটি যাত্রীবাহী চলন্ত ট্রেনের ওপর নির্মাণাধীন উচ্চগতির রেল প্রকল্পের একটি ক্রেন ভেঙে পড়ায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

বুধবার সকালে ভয়াবহ এ দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত এবং ৩০ জনের বেশি মানুষ আহত বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

স্থানীয় পুলিশ রয়টার্সকে জানিয়েছে, রেল প্রকল্পে কাজ করা একটি ক্রেন ভেঙে পড়ে এবং পাশ দিয়ে যাওয়া ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। ফলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে কিছুক্ষণের জন্য আগুন ধরে যায়। আগুন নেভানো হয়েছে এবং উদ্ধার কাজ চলছে, পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনার পর উদ্ধারকাজ এখনও চলছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে পরিণত ট্রেনের বগি থেকে একের পর এক মরদেহ উদ্ধার করায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটির আসন বিন্যাস অনুযায়ী দুর্ঘটনার সময় ট্রেনটিতে ১৯৫ জন যাত্রী ও কর্মী উপস্থিত ছিলেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। সূত্র : রয়টার্স, বিবিসি