চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা কর্মবিরতির দ্বিতীয় দিন আজ রবিবারও বন্দরের পরিচালন কার্যক্রমে প্রায় অচলাবস্থা চলছে।
সকাল আটটা থেকে বন্দর জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। সবশেষ চট্টগ্রাম বন্দর এলাকায় সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধনসহ সব ধরনের বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
একই সঙ্গে লাঠি, অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথরসহ যেকোনো ঝুঁকিপূর্ণ বস্তু বহন ও ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র, যার মাধ্যমে বাংলাদেশের আমদানি ও রপ্তানির বড় একটি অংশ পরিচালিত হয়। বন্দরের আশপাশের এলাকায় প্রতিদিন বিপুলসংখ্যক ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও অন্যান্য যানবাহনের চলাচল থাকায় জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পুলিশের ভাষ্য, বন্দর এলাকায় কোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ কিংবা অবরোধ কর্মসূচির ফলে যানজট সৃষ্টি হয় এবং আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। এতে জাতীয় অর্থনীতির ক্ষতি হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তার ঝুঁকিও তৈরি হতে পারে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং জনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখার স্বার্থে পুলিশ কমিশনারের ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় বন্দর-সংলগ্ন বারিক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ও বন্দর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় অস্ত্র, লাঠি, দাহ্য পদার্থ, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার নিষিদ্ধ থাকবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে রাজনৈতিক দলের প্রচার-প্রচারণা ও নির্বাচনী কার্যক্রম এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তবে বন্দর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

