নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে কক্সবাজারের মহেশখালী পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় মহেশখালী পৌরসভার গোরকঘাটা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে তাকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে।
এরপর সেখান থেকে তিনি সড়কপথে, প্রায় পাঁচ কিলোমিটার দূরে বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় অংশ নিতে রওনা দেন।
উপজেলা জামায়াতের সূত্র জানায়, জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির। জনসভা শেষে তিনি হেলিকপ্টারে করে বেলা পৌনে একটায় কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবেন।
পরবর্তীতে কক্সবাজার শহরের বাহারছড়ায় অবস্থিত বীর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত আরেকটি জনসভায় বক্তব্য দেবেন তিনি। সেখানে বক্তব্য শেষে হেলিকপ্টারে করেই চট্টগ্রামের লোহাগাড়ায় আয়োজিত জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মহেশখালী-কুতুবদিয়া আসনের জামায়াত প্রার্থী হামিদুর রহমান আজাদ জানান, নির্বাচনি সফরের অংশ হিসেবেই জামায়াত আমির মহেশখালী সফরে এসেছেন।
এ সফরে তিনি মহেশখালী ও কক্সবাজারে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন এবং এ দুটি অঞ্চলকেন্দ্রিক জামায়াতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন।

