20.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামরাউজানে সড়ক দুর্ঘটনায় আহত প্রবাসী রাশেদ মারা গেছেন

রাউজানে সড়ক দুর্ঘটনায় আহত প্রবাসী রাশেদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘদিন প্রবাসে কাটিয়ে ছুটিতে বাড়ি এসে বোনের বাড়িতে শ্বশুর বেড়াতে গিয়েছিলেন হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গণি ব্রিজ সংলগ্ন হিম্মত শিকদার বাড়ির নুর আলমের ২য় ছেলে মো. রাশেদ (২৫)।

সেখান থেকে বোনের মেয়েকে নিয়ে হাটহাজারী ফেরার পথে রাউজান এলাকায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়লে গুরুতর আহত হন রাশেদ।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে প্রথমে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়।

প্রায় আটদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মেখল ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রবাসী রাশেদের মৃত্যুর খবর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

প্রবাস থেকে তার বড় ভাই আজ দেশে ফিরলে নিজ গ্রামের বাড়ির মসজিদ মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থান তাকে দাফন করা হবে। প্রবাসী রাশেদের বাড়িতে এখন শোকের মাতম। পরিবার ও আত্মীয় স্বজনের আহাজারিতে হৃদয়বিদারক দৃশ্যে চোখের জল ধরে রাখতে পারছে না এলাকাবাসীও।