চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৫১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭।
রবিবার (২৬ অক্টোবর) উপজেলার ভূজপুর থানাধীন বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-উপজেলার ভূজপুর থানাধীন বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া এলাকার মৃত মোস্তফার ছেলে মো.নুরন্নবী (৪৩), মো. আবুল হাশেমের ছেলে মো.আবুল বাশার (২৭) ও মো. আব্দুল রহিমের ছেলে মো. আব্দুল করিম (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন।
তিনি জানান, চিকনছড়া এলাকায় অহিদুর রহমান সওদাগরের বসত ঘরে মাদকদ্রব্য গাঁজা মজুদ করে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৬ অক্টোবর) অভিযান চালানো হয়।
ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে মো.নুরন্নবী, মো.আবুল বাশার ও মো.আব্দুল করিম কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের আটক করা হয়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে বসত ঘরের শয়ন কক্ষে খাটের নিচ থেকে ৩টি প্লাস্টিকের বস্তার ভিতরে স্কচটেপ দ্বারা মোড়ানো ৫১ কেজি গাঁজা পাওয়া যায়।
আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে কিনে পরবর্তীতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে খুচরা ও পাইকারি দামে বিক্রি করে আসছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে ভূজপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।

