বাংলাদেশে চলে এলো ফিফা ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে সোনালি এই ট্রফি বহনকারী বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বাংলাদেশে ট্রফির সঙ্গে এসেছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলের সাবেক মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
বিমানবন্দরে ট্রফি-বরণ অনুষ্ঠান শেষে এটি সরাসরি রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রদর্শনের জন্য রাখা হবে। তবে সাধারণ দর্শকদের দেখার তেমন সুযোগ থাকছে না।
কোকা-কোলা কোম্পানি ও আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার যৌথ উদ্যোগে গত ৩ জানুয়ারি শুরু হয় ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা এর ষষ্ঠ আসর।
সৌদি আরবের রাজধানী রিয়াদে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণের সূচনা করা হয়।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। এই প্রথম তিনটি দেশ- কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে।
আগের যে কোনো আসরের তুলনায় এবারের বিশ্বকাপে থাকবে আরও বেশি দল (৪৮টি), আরও বেশি ম্যাচ (১০৪) এবং ব্যাপক উৎসব আয়োজন।
ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ভ্রমণ করবে ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি গন্তব্যে। পুরো সফর চলবে ১৫০ দিনেরও বেশি সময় ধরে, যা ফুটবলপ্রেমীদের জন্য জীবনে একবার দেখার মতো এক অনন্য সুযোগ তৈরি করবে।
এর আগে কতবার এসেছে এ ট্রফি:
বাংলাদেশের ইতিহাসে এটি চতুর্থবারের মতো ট্রফি আগমনের ঘটনা; এর আগে ২০০২, ২০১৩ এবং ২০২২ সালের বিশ্বকাপের আগে ট্রফিটি ঢাকায় এসেছিল। আজ এক দিনব্যাপী সংক্ষিপ্ত সফর শেষে রাতেই ট্রফিটি বাংলাদেশ ত্যাগ করবে।

