বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রধান নির্বাচিত হওয়ার পর নরেন্দ্র মোদিকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
একই সঙ্গে নতুন সরকার গঠনের অনুমতি দিয়েছেন তিনি। আগামী রোববার (৯ জুন) সন্ধ্যায় শপথ নেবে এই সরকার।
শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আজ নয়াদিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনের একটি বিশেষ ফ্লাইট শনিবার বেলা ১১টা ৫১ মিনিটে (স্থানীয় সময়) নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ার ফোর্স স্টেশনে অবতরণ করে।
পালাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ভারতের পররাষ্ট্র সচিব (সিপিভি ও ওআইএ) মুকতেশ পরদেশি, বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার প্রনয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান অভ্যর্থনা জানান।
নয়াদিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরে তিনি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন। একইদিন নয়াদিল্লিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা।
তিনি ভারতের রাজধানী নয়াদিল্লি ত্যাগ করতে সোমবার বিকেল ৫টায় (নয়াদিল্লি সময়) পালাম এয়ার ফোর্স স্টেশনে পৌঁছাবেন এবং একই দিন রাত ৮টায় (বাংলাদেশ সময়) তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে কথোপকথনের সময় তার সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
শেখ হাসিনা এ আমন্ত্রণ গ্রহণ করেন এবং সকাল ১০টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
এর আগে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ ২৯৩টি আসনে বিজয়ী হয়েছে, যেখানে বিরোধী ইন্ডিয়া জোট ২৩৪টি আসন পেয়েছে।
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালসহ বিশ্ব নেতারা এই অনুষ্ঠানে যোগ দেবেন। এতে ৮ হাজারের বেশি বিশিষ্টজন উপস্থিত হবেন বলে বলে আশা করা হচ্ছে।
মোদিকে অভিনন্দন জ্ঞাপনকারী প্রথম বিদেশি নেতাদের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন অন্যতম। যা দুই নেতার মধ্যে উষ্ণ ব্যক্তিগত সম্পর্কের প্রতিফলন।
এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) নিরঙ্কুশ বিজয় লাভে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হিসেবে, আপনি ভারতের জনগণের আশা-আকাক্ষা বহন করেন।

