বৈরী আবহাওয়া এবং সড়ক ও নৌপথ অবরোধের কারণে দ্বিতীয় দফায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এদিকে কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয় মাচলং নির্বাচন পরিচালনা কমিটি। এতে পূর্ণ সমর্থন দেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
হঠাৎ করে ডাকা অবরোধে শনিবার (৮ জুন) সকাল থেকে বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্রে ঘুরতে যাওয়া তিন শতাধিক পর্যটক আটকা পড়েছেন।
তবে দুপুরের দিকে অবরোধ প্রত্যাহার করে নেয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ। ইউপিডিএফের সংগঠক বিপুল চাকমা জানান, শনিবার সকালে নির্বাচন কমিশন থেকে ভোট স্থগিতের খবর পাওয়ার পর দুপুরে অবরোধ প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, আগামীকাল রোববার বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে পাহাড়ের আঞ্চলিক দল এমএন লারমা গ্রুপের জেএসএসের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সুদর্শন চাকমা ও সন্তু লারমা গ্রুপের জেএসএস ও ইউপিডিএফের সমর্থিত অলিভ চাকমা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ২৯ মে এ উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল। বৈরী আবহাওয়ার কারণে নির্বাচন পিছিয়েছিল নির্বাচন কমিশন। ভোটের জন্য ৯ জুন নতুন তারিখ দিয়েছিল কমিশন। তবে সড়ক ও নৌপথ অবরোধের কারণে দ্বিতীয় দফায় পিছিয়ে আগামীকাল ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন।

