27.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামসীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নৈশ প্রহরীসহ ২ জন নিহত

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নৈশ প্রহরীসহ ২ জন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি বিএম গেট সংলগ্ন (বানুর বাজার) এলাকায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নৈশ প্রহরীসহ দুজনের মৃত্যু হয়েছে।

গত শনিবার রাত থেকে রবিবার (১১ মে) ভোর সাড়ে ৬টার মধ্যে পৃথক সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে নৈশ প্রহরী মো. হাসান (৪৫) ও ট্রাক চালকের সহকারী মো. সৈকত (২৬)।

প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানান, আজ রবিবার সকালে মহাসড়কের পাশের খালে ময়লা ফেলে ফেরার সময় ঢাকামুখী একটি অজ্ঞাতনামা গাড়ির নিচে চাপা পড়েন নৈশ প্রহরী হাসান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমিন জানান, ভোরে অজ্ঞাত গাড়ির নিচে চাপা পড়ে হাসান নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

অন্যদিকে, শনিবার রাতে ঢাকামুখী একটি কাভার্ডভ্যান সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোর ধাক্কা দেয়। এতে চালকের সহকারী ছিটকে সড়কে পড়ে ওই কাভার্ডভ্যানের চাপায় পিষ্ট হন।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা সংকটাপন্ন হওয়াই সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জাহাঙ্গীর আলম জানান, ময়নাতদন্তের জন্য ট্রাকচালকের সহকারীর মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।