20.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআইন আদালতহত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিম ট্রাইব্যুনালে হাজির

হত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিম ট্রাইব্যুনালে হাজির

আইন-আদালত ডেস্ক :

জুলাই গণ-অভ্যুত্থানে দ্বিতীয় শহীদ ওয়াসিমসহ চট্টগ্রামে ৬ জনকে হত্যা মামলায় রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীসহ ৩ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) সকালে তাকে ট্রাইব্যুনালে আনে পুলিশ। এদিন এ মামলায় শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে, ৮ এপ্রিল ফজলে করিমের জামিন আবেদন করেন আইনজীবী এম আবদুল কাইয়ুম।

জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই চট্টগ্রাম নগরের ষোলশহর ও মুরাদপুর এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর হামলা এবং গুলি চালায়।

এ ঘটনায় ছাত্রদলকর্মী ওয়াসিম আকরাম, শিবিরকর্মী ফয়সাল আহমেদ শান্ত ও ফার্নিচার ব্যবসায়ী মো. ফারুক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

এছাড়া ১৮ জুলাই চট্টগ্রামের বহদ্দারহাটে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া গুলিতে দোকান কর্মচারী সাইমন, শিক্ষার্থী তানভীর সিদ্দিকী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া নিহত হন।

এই মামলায় গত ২৫ মার্চ ১৫ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, চট্টগ্রামের সাবেক দুই মেয়র আ জ ম নাসির ও রেজাউল করিম, তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য নুরুল আজিম রনির নাম রয়েছে।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ফজলে করিমকে গ্রেপ্তার দেখিয়ে গত ১৬ ফেব্রুয়ারি কারাগারে পাঠান আদালত। একইসঙ্গে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৮ এপ্রিল দিন ধার্য করা হয়।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ওইদিন ফজলেকে কারাগারে পাঠানোর আবেদন করেন প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান।

এদিকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এ মামলায় পলাতক দুই আসামি হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।