চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন সিএন্ডবি বিএফআইডিসি সড়কটি বিগত ১০ বছর যাবৎ অবহেলিত হয়ে পড়ে রয়েছে। সড়কটি পূর্ণ সংস্কারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।
স্থানীয় শাপলা সবুজ সংঘ ক্লাবের সভাপতি মো. আশরাফ উদ্দিন টিপু ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিমের সঞ্চলনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আজ শনিবার (১২ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে শাপলা সবুজ সংঘ প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন স্থানীয় নেতা কর্মীরা।
শাপলা সবুজ সংঘ ক্লাবের সাবেক সভাপতি মো. নেজামুল হক কাজল তার বক্তব্যে বলেন, চান্দগাঁও সিএন্ডবি বিএফআইডিসি সড়কটি দীর্ঘ দিন ধরেই বেহাল দশা।
আমরা মেয়র মহোদয়ের কাছে জানতে চাই, বৃহত্তর এ শিল্প এলাকা ও সিএন্ডবি এলাকায় মানুষ কি অপরাধ করেছে, কেন আমাদের সবাইকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে?
চান্দগাঁও থানা ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরকার বলেন, এলাকার মানুষ অনেক বেশি অবহেলিত। সিএন্ডবি এলাকার এ সড়ক দিয়ে দৈনিক ১০ হাজারের বেশি লোক যাতায়াত করেন। এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে অনেক সময় অনেকেই দুর্ঘটনার শিকার হয়, আহত হন।
চান্দগাঁও সিএন্ডবি বিএফআইডিসি সড়কটি পুর্ণ সংস্কার করে এলাকাবাসীকে দুর্ঘটনা থেকে মুক্তি দেওয়ার জন্য মেয়রের প্রতি অনুরোধ জানান।
চান্দগাঁও সিএন্ডবি বিএফআইডিসি সড়কের এ রাস্তায় নিয়মিত দুর্ঘটনা লেগে থাকে। আহত হয় সাধারণ মানুষ। তাই যত দ্রুত সম্ভব এ সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন করে সকলকে ভাল ভাবে, সুস্থ ভাবে চলাচলের ব্যবস্হা করে দিতে মেয়রের প্রতি অনুরোধ জানান মোহরা বিএনপির সদস্য সচিব মো. আবু বক্কর সিদ্দিক।

