দুই কার্গো তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করা হবে। এই এলএনজি সরবরাহের কাজ পেয়েছে সিঙ্গাপুরের গানভোর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড ও দক্ষিণ কোরিয়ার মেসার্স পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন। এতে মোট ব্যয় হবে ৯৮৯ কোটি ৩৬ লাখ ৭০ হাজার ৩০৫ টাকা।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ১ কার্গো (৩০-৩১ আগস্ট ২০২৫ সময়ে ৩৭তম) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন চায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।
সিঙ্গাপুরের গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৫০২ কোটি ৯৪ লাখ ৯১ হাজার ৩৯৮ টাকা ৪০ পয়সা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১.৯৭ মার্কিন ডলার।
এ ছাড়া পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে আরেক কার্গো (২১-২২ সেপ্টেম্বর ২০২৫ সময়ের জন্য ৩৯তম) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার।
দক্ষিণ কোরিয়ার মেসার্স পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৪৮৬ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৯০৭ টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১.৯৫ মার্কিন ডলার।

