কক্সবাজার টেকনাফ মহাসড়কে পালংখালী হতে হ্নীলা গামী বালু বোঝাই একটি ডাম্পার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দিয়ে উল্টে যায়।
এতে এক রোহিঙ্গা যুবক নিহত এবং আরও ৪ ব্যক্তি গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ রবিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে টেকনাফ উপজেলার আওতাধীন হোয়াইক্যং ইউপিস্থ তুলাতুলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত ব্যক্তির নাম মো. এবাদুল্লাহ। বয়স ৩০ বছর। সে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১৭ এর বাসিন্দা কামাল হোসেনের ছেলে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বালু বহনকারী একটি মিনিট্রাক (ডাম্পার) উখিয়া উপজেলার পালংখালী থেকে টেকনাফ যাচ্ছিল। পথে হোয়াইক্যং ইউনিয়নের তুলাতুলি এলাকায় একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দিয়ে উল্টে যায়।
অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় অটোরিকশায় থাকা রোহিঙ্গা যুবক এবাদুল্লাহ। এ ছাড়া অটোরিকশার চালক, এক যাত্রী, মিনিট্রাকের চালক ও চালকের সহকারী আহত হন। এঁদের মধ্যে মিনিট্রাকের চালক ও চালকের সহকারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে হোয়াইক্যং হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক ওসি মো. নুরুল আবছার জানান, কক্সবাজার টেকনাফ মহাসড়কে ট্রাক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দুর্ঘটনা ঘটেছে।
ঘটনাস্থল থেকে নিহত যুবককে উদ্বার করা হয়। পরবর্তীতে একটি সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

