14.7 C
Chittagong
রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদলিডচালকের ঘুম চোখে মাইক্রোবাস পড়ল খালে, চিরঘুমে ৭ জন

চালকের ঘুম চোখে মাইক্রোবাস পড়ল খালে, চিরঘুমে ৭ জন

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজীরপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপালী এলাকার বাসিন্দা ওমান প্রবাসী এক ব্যক্তিকে আনতে আনন্দের সাথেই কার-মাইক্রোবাস নিয়ে ঢাকায় গিয়েছিলেন তার পরিবার ও স্বজনরা।

ঠিকঠাক মতোই সকলে পৌছে বিমানবন্দরে। সেখানে সকলের কুশল বিনিময় হয়। পরে একটি প্রাইভেটকার ও একটি হাইস মাইক্রোবাসে তারা বাড়ির দিকেই রওনা দেন।

তখন ভোররাত। অন্ধকারে তেমন কিছুই বোঝা যাচ্ছিল না। এরই মধ্যে হাইস মাইক্রোবাসের চোখে ঘুম চলে আসে।

ঘুম চোখে গাড়ি চালাতে গিয়ে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের আবুল খায়ের চেয়ারম্যান বাড়ির রাস্তার মাথায় এসে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক।

এক পর্যায়ে রাস্তার পাশে খালে পড়ে যায় মাইক্রোবাসটি। কয়েকজন বের হতে পারলেও একই পরিবারের সাতজন ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে ওমান থেকে আগত সে প্রবাসী বেঁচে আছেন।

বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বেঁচে যাওয়া এক যাত্রীর বরাতে স্থানীয়দের কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে।

মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) ও লামিয়া আক্তার (৯)।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া বলেন, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। কয়েকজন বের হতে পারলেও সাতজন ভেতরে আটকা পড়ে মারা যান। তাদের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. মনির হোসেন বলেন, আমরা এখন পর্যন্ত দুটি মরদেহ পেয়েছি। ধারণা করা হচ্ছে তারা ঘটনাস্থলেই মারা গেছেন।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. লিটন দেওয়ান বলেন, রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত গাড়িটি খাল থেকে তোলা হয়েছে। ঘটনাস্থলে আর কোনো লাশ নেই।