চট্টগ্রাম গরীর খাজা রোড এলাকায় নকল পাওয়ার অয়েল কারখানার সন্ধান পেয়ে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রোর উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, সততা প্যাকেজড ড্রিংকিং ওয়াটার নামক একটি প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পানি প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ করছিল।
শুধু তাই নয়, পানির ফ্যাক্টরির আড়ালে নিজস্ব নামে নকল স্টারিং পাওয়ার অয়েল তৈরিও করছিলো প্রতিষ্ঠানটি।
এসব অপরাধ হাতে নাতে ধরা পড়ায় সততা প্যাকেজড ড্রিংকিং ওয়াটারকে ২ লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এছাড়া একই সময়ে ওই এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির কারণে জয়নাব মেডিকেল হল ও জননী মেডিসিন হলকে ১০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রি করায় আল হাসানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোর সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও সহকারী পরিচালক মাহমুদা আক্তার।

