চট্টগ্রামে গেল ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গু রোগে নতুন করে আরও ৪৩ জন আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, বিআইটিআইডিতে ৯ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৪ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৬ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
তাছাড়া ২৪ ঘন্টায় নগর ও জেলায় চিকুনগুনিয়ায় নতুন করে আরও ২৯ জন আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।
বুধবার দুপুরে সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ১ হাজার ৮৬৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৭ জন। গেল আগস্ট মাসে ৭০৫ জন এবং সেপ্টেম্বর মাসের এ পর্যন্ত ২৮৬ জন আক্রান্ত হন।
চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে ৯৭৬ জন নগরীর এবং ৮৯০ জন জেলার অন্য এলাকার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে ৯৯০ জন পুরুষ, ৫৬৪ জন নারী ও ৩১২ জন শিশু রয়েছে।
চট্টগ্রামে উপজেলা পর্যায়ে ৮৯০ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে সীতাকুণ্ডে ৩২১, বাঁশখালীতে ১৫৯, আনোয়ারায় ৮১, লোহাগাড়ায় ৮১, সাতকানিয়ায় ৫৬, রাউজানে ৩২, কর্ণফুলীতে ২৯, হাটহাজারীতে ২৬, চন্দনাইশে ২৪, পটিয়ায় ২০ জন, মিরসরাইয়ে ১৫ জন, বোয়ালখালীতে ১০ ও ফটিকছড়িতে ১৪ জন, রাঙ্গুনিয়ায় ১২ জন ও সন্দ্বীপে ১০ জন রয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন।
২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ১০৭ জন। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা যান ৪১ জন।
অপরদিকে, চলতি বছর চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৭৭ জন। এর মধ্যে শিশু ২২৫ জন, পুরুষ ১ হাজার ৬৮৯ জন, নারী ১ হাজার ২৬৩ জন।

