চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন থেকে দুটি ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ নথি চুরি হওয়ার তথ্য পাওয়া গেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাত পৌণে ৪টার মধ্যে কোন এক সময়ে ভবনের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে এসব মালামাল চুরি করে নিয়ে যায় চোরের দল।
সকালে খবর পেয়ে পটিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চুরির ঘটনা তদন্ত করছে পুলিশ।
কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বলেন, ‘সিসিটিভির ফুটেজ দেখে জানা যায়, দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পরিষদের ভেন্টিলেটর ভেঙে চোর ভেতরে প্রবেশ করে। এখানে ইউনুচ ও ইলিয়াছ নামের দুইজন নাইটগার্ড ছিল। তাদের অবহেলায় এ চুরির ঘটনাটি ঘটেছে বলে দাবী করেন চেয়ারম্যান।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, কুসুমপুরা ইউনিয়ন পরিষদে চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

